কসবায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
আল আমিন সরকার,ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি-চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে ।
নিহতরা হল, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের রহিছ মিয়ার ছেলে ইকরাম মিয়া (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আনিসুর রহমানের ছেলে আমির হোসেন (৩৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একটি যাত্রীবাহী বাস চট্টগাম থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে কুমিল্লা -সিলেট মহাসড়কের কুটি চৌমুহনী পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই কয়লার মালিক আমির হোসেন নিহত হন এবং ট্রাক চালক ইকরাম মিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সেও মারা যায়।
সরাইল খাঁটিহাত হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মামুন রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত আমির হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাসটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































